সাভারে নিম্নমানের সয়াবিন তেল বোতলজাতকারী কারখানায় অভিযান, জব্দ ১৭ ব্যারেল তেল।

সাভার প্রতিনিধিঃ

ঢাকার সাভারে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করার অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় বিপুল পরিমাণ ভেজাল তেল জব্দ করা হয় এবং কারখানার ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে সাভারের দেওগা এলাকায় মজিবর মেম্বারের বাড়িতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে কারখানাটি থেকে ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল এবং বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় এক হাজার বোতল তেল জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটির ম্যানেজার গ্যালাক্সি এগ্রোর আছমা আক্তারকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তবে আছমা আক্তারের এক বছরের নাবালক শিশু সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তার এক বছরের কারাদণ্ডাদেশ বাতিল করা হয়। তবে দুই লাখ টাকা অর্থদণ্ড বহাল রাখা হয়েছে।
এদিকে সয়াবিন তেলের কারখানার পাশাপাশি একই এলাকায় আরও একটি ভেজাল কসমেটিকস তৈরির কারখানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে ওই কারখানার লোকজন পালিয়ে যায়। পরে প্রশাসন দুটি কারখানাই সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *